প্রিন্ট এর তারিখঃ Oct 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 14, 2026 ইং
বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

বলিউড তারকা সালমান খান ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান এসব কথা বলেন।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, নিজের সন্তান না থাকার অভাব অনুভব করেন কি না। জবাবে নিজের সন্তান চাওয়ার ইচ্ছার কথা স্বীকার করেছেন। ভাইজান নাকি পরিবারের গুরুত্ব ও মানসিক নির্ভরতা এবং জীবনে সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছেন বলেও জানা যাচ্ছে।
এদিকে ‘কফি উইথ করণ এর নতুন সিজনের প্রচার ঝলকেও নজর কেড়েছেন সালমান। করণের সঙ্গে কথোপকথনে উঠে এসেছে হাসি-ঠাট্টা, পুরোনো স্মৃতি আর ব্যক্তিগত জীবনের নানা প্রসঙ্গ। করণ যখন তাকে প্রশ্ন করেন, তিনি এখনো কুমার কি না, তখন মজার ছলে সালমানের উত্তর, ‘সংযত হও ভাই, সংযত হও।’
হাস্যরসের আড়ালে অবশ্য জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের কথাও উঠে এসেছে। করণ জানান, আগের তুলনায় সালমান এখন অনেক বেশি শান্ত ও সংযত। উত্তরে অভিনেতা বলেন, এত দিন অন্যদের যে পরামর্শ দিয়ে এসেছেন, এবার নিজের সেই পরামর্শ মেনে চলার সময় এসেছে।
যে মানুষটি পর্দায় বারবার ভালোবাসার গল্পকে পূর্ণতা দিয়েছেন, তার নিজের জীবনের গল্পটি এখনো যেন এক অসমাপ্ত অধ্যায়। পারিবারিক আবেগের গল্পে যিনি কোটি দর্শকের হৃদয় ছুঁয়েছেন, তাঁর নিজের জীবনে এখনো অপূর্ণ রয়ে গেছে ছোট্ট একটি হাত ধরে বাবা হওয়ার স্বপ্ন।
ইত্তেফাক
© সকল কিছুর স্বত্বাধিকারঃ Changetv.press | বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল।